অক্টোবর ১৩, ২০২৫, ০৯:১৮ এএম
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ওপর পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘ইউনিটিচার্স লিংক’ (ইউটিএল)। সংগঠনটি বলেছে, শিক্ষক সমাজের প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রোববার (১২ অক্টোবর) রাতে ইউটিএল-এর আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস ও সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।বিবৃতিতে বলা হয়, “শিক্ষকদের ওপর এ ধরনের হামলা তাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করে এবং দেশে একটি আদর্শ জাতি গঠনের পথে বড় বাধা সৃষ্টি করে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, শিক্ষকগণের যৌক্তিক দাবি অবিলম্বে মেনে নিয়ে তা বাস্তবায়নের মাধ্যমে তাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখুন।”
নেতৃবৃন্দ আরও বলেন, “এই রাষ্ট্র শিক্ষকদের প্রাপ্য মর্যাদা প্রদানে বারবার ব্যর্থ হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের দায়িত্ব ছিল শিক্ষকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা। অনেকগুলো কমিশন গঠিত হলেও, শিক্ষা সংস্কারের জন্য কোনো কমিশন পর্যন্ত হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।”
উল্লেখ্য, রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে হাজার হাজার শিক্ষক তাদের দাবি আদায়ে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। দুপুরে পুলিশ রাস্তা থেকে তাদের সরিয়ে দিতে গেলে লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে, এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। এর প্রতিবাদেই আজ সোমবার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন শিক্ষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন