অক্টোবর ১৩, ২০২৫, ০৪:৩৩ পিএম
বেতন-ভাতার বৈষম্য নিরসনের দাবিতে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের হাজার হাজার বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী। গতকাল রোববার পুলিশি বাধার মুখে জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে সরে এসে শহীদ মিনারে অবস্থান নেন তারা এবং সেখানেই রাত যাপন করেন। তবে, সোমবার দুপুর পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন আন্দোলনরত নেতারা।
‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “এখন পর্যন্ত দাবি পূরণের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের কোনো পক্ষ থেকে আমাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়নি। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।”এদিকে, আজ সকাল থেকে দেশব্যাপী সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতিও পালিত হচ্ছে, যার ফলে বেশিরভাগ প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকরা স্লোগানে স্লোগানে তাদের দাবি তুলে ধরছেন। বরিশালের আগৈলঝাড়া থেকে আসা শিক্ষক মোখতারুজ্জামান বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে একজন শিক্ষক মাত্র এক হাজার টাকা বাড়িভাড়া আর ৫০০ টাকা চিকিৎসা ভাতা দিয়ে কীভাবে চলেন, তা কি সরকারের লোকজন ভেবে দেখেছেন? দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”
শিক্ষকদের প্রধান দাবিগুলো হলো—মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য মূল বেতনের ৭৫ শতাংশ হারে উৎসব ভাতা প্রদান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন