অক্টোবর ১৬, ২০২৫, ০৭:০১ পিএম
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে শিক্ষা উপদেষ্টার বৈঠক ব্যর্থ হয়েছে। এর প্রতিবাদে শিক্ষকরা তাদের আন্দোলন আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন। নতুন কর্মসূচি অনুযায়ী, আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অনশন এবং আগামী রোববার (১৯ অক্টোবর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবেন তারা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারের সঙ্গে তার দপ্তরে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর নেতারা। বৈঠক শেষে শহীদ মিনারে ফিরে এসে জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই নতুন কর্মসূচি ঘোষণা করেন।
বৈঠকের ফলাফল নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “শিক্ষা উপদেষ্টা আমাদের চাকরি ছেড়ে দিতে বলেছেন। আমরা সিএনজি চালাব, কৃষিকাজ করব, কিন্তু আপনার এই ভিক্ষার চাকরি করব না।”তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, “আমরা কথা দিলাম, প্রয়োজনে শহীদ মিনার থেকে আমাদের নেতাদের লাশ যাবে, তবুও মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না।”
এর আগে, শিক্ষকরা তাদের পূর্বঘোষিত ‘মার্চ টু যমুনা’ (প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা) কর্মসূচি পালনের জন্য শহীদ মিনারে সমবেত হয়েছিলেন। কিন্তু বৈঠকের আশ্বাসে তারা কর্মসূচিটি বিকেল পর্যন্ত স্থগিত রেখেছিলেন। বৈঠক ব্যর্থ হওয়ায় এখন তারা আরও কঠোর কর্মসূচির দিকে এগোলেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন