বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জুলাই সনদের মাধ্যমে নবযাত্রার সূচনা হলো’: প্রধান উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৫, ০৬:৪২ পিএম

জুলাই সনদের মাধ্যমে নবযাত্রার সূচনা হলো’: প্রধান উপদেষ্টা

ছবি - সংগৃহীত

দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে এক ঐতিহাসিক মুহূর্তে স্বাক্ষরিত হলো ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং দেশের ৩৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই জাতীয় ঐকমত্যের দলিলে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে দেওয়া এক আবেগঘন ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আজ এই জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের শুরু হলো। এক নবযাত্রার সূচনা হলো। এই সনদের মাধ্যমে আমরা বর্বরতা থেকে সভ্যতায় এলাম। এই সভ্যতা শুধু কাগজে নয়, কাজের মাধ্যমে এখন আমাদের প্রমাণ করতে হবে।”

তিনি বলেন, “ঐকমত্য কমিশন গঠনের পর আমার মনে মনে আশা ছিল, হয়তো দুই-একটি বিষয়ে দলগুলোকে একমত করতে পারব। কিন্তু অবাক কাণ্ড! সারাদেশ দেখল, সমস্ত রাজনৈতিক দল শুধু আলোচনাতেই বসল না, বরং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গভীর জ্ঞানের সঙ্গে চমৎকার আলোচনা করল। এটা না দেখলে আমাদের বিশ্বাসই হতো না।”

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এবং নিজ নিজ দলের পক্ষে সনদে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর গঠিত জাতীয় ঐকমত্য কমিশন প্রায় দুই মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের ৮৪টি প্রস্তাবের বিষয়ে এই ঐকমত্য প্রতিষ্ঠা করে।