বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি থাকলে ভালো লাগত’: আসিফ নজরুল

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৫, ০৭:৫৪ পিএম

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি থাকলে ভালো লাগত’: আসিফ নজরুল

ছবি - সংগৃহীত

ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম রূপকারদের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুপস্থিতিতে আক্ষেপ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “অনেক মাস ও সপ্তাহ ধরে আলোচনার পর আজ এক বিরাট অনুষ্ঠান হলো, জুলাই সনদের কনটেন্ট চূড়ান্ত হলো। তবে এনসিপি এবং জুলাই অভ্যুত্থানকারীরা আজ অনুষ্ঠানে উপস্থিত থাকলে আমার আরও বেশি ভালো লাগত।”

তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “যেহেতু ঐকমত্য কমিশনের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে, তাই তারা পরেও স্বাক্ষর করতে পারবেন। সুতরাং সবাই মিলে করতে পারলে ব্যাপারটা আরও ভালো হবে।”উল্লেখ্য, ‘জুলাই সনদ’-এর আইনি ভিত্তি প্রতিষ্ঠার বিষয়ে সুস্পষ্ট রূপরেখা না থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং চারটি বামপন্থী দল আজকের এই ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করে।

তাদের অনুপস্থিতি সত্ত্বেও বিএনপি, জামায়াতে ইসলামীসহ দেশের ৩৩টি রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করেছে।আইন উপদেষ্টার এই বক্তব্যে এটি স্পষ্ট যে, সরকার এখনও আশাবাদী যে, যারা আজ স্বাক্ষর করেননি, তারাও ভবিষ্যতে এই জাতীয় ঐক্যের অংশীদার হবেন।