বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জুলাই সনদের ৭ দফা অঙ্গীকারনামায় যা যা উল্লেখ আছে

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৫, ০৮:২৯ পিএম

জুলাই সনদের ৭ দফা অঙ্গীকারনামায় যা যা উল্লেখ আছে

ছবি - সংগৃহীত

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের এক ঐতিহাসিক অঙ্গীকারে আবদ্ধ হলো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো। শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’-এর মাধ্যমে দলগুলো সাতটি সুনির্দিষ্ট দফায় তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

‘জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের অঙ্গীকারনামা’ শিরোনামে এই অংশে স্বাক্ষরকারীরা ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে সম্মত হয়েছেন।সনদের প্রথম অঙ্গীকারে বলা হয়েছে, হাজারো মানুষের জীবন ও রক্তদানের বিনিময়ে অর্জিত সুযোগ এবং জন-আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে তৈরি হওয়া এই নতুন রাজনৈতিক সমঝোতার দলিলটির পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা হবে।

দ্বিতীয় অঙ্গীকার অনুযায়ী, যেহেতু জনগণই রাষ্ট্রের মালিক এবং তাদের অভিপ্রায়ই সর্বোচ্চ আইন, তাই রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে এই সনদকে পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসেবে বা অন্য কোনো উপযুক্ত উপায়ে অন্তর্ভুক্ত করবে।তৃতীয় অঙ্গীকারে বলা হয়েছে, এই সনদের বৈধতা নিয়ে কোনো আদালতেই প্রশ্ন তোলা যাবে না এবং এর বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা হবে।

চতুর্থ অঙ্গীকারে, ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ ১৬ বছরের সংগ্রাম এবং বিশেষ করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে।পঞ্চম অঙ্গীকারটি হলো, গণ-অভ্যুত্থান পূর্ববর্তী ১৬ বছরে এবং অভ্যুত্থানকালে সংঘটিত সকল গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং শহীদ পরিবার ও আহতদের যথোপযুক্ত সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা।

ষষ্ঠ অঙ্গীকার অনুযায়ী, সনদে উল্লেখিত সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ এবং দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন বা নতুন আইন প্রণয়ন করা হবে।সর্বশেষ, সপ্তম অঙ্গীকারে বলা হয়েছে, সনদের যে সকল সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য, সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করে দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে।