অক্টোবর ১৮, ২০২৫, ০৫:০২ পিএম
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় লাগা ভয়াবহ আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি, বরং এর তীব্রতা আরও বাড়ছে। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় সম্ভাব্য ক্ষতি এড়াতে বিমানবন্দরের হ্যাঙ্গারে থাকা বিমানগুলো নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে। এই ঘটনার জেরে বিমানবন্দরের সকল ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজের একটি অংশে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়েছে।
এই মুহূর্তে ফায়ার সার্ভিসের মোট ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং বিমানবন্দরের নিজস্ব অগ্নিনির্বাপক দলও সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ এক বার্তায় জানিয়েছেন,
"অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সকলকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।"ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, পুরো এলাকা কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলীতে ছেয়ে গেছে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন