বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শিক্ষকদের দাবি কি মানল সরকার? বাড়ি ভাড়া নিয়ে নতুন প্রজ্ঞাপন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৫, ১০:৪৩ এএম

শিক্ষকদের দাবি কি মানল সরকার? বাড়ি ভাড়া নিয়ে নতুন প্রজ্ঞাপন

ছবি - সংগৃহীত

টানা আট দিনের লাগাতার আন্দোলন ও অনশনের পর অবশেষে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি মেনে নিয়ে বাড়িভাড়া ভাতা বাড়িয়েছে সরকার। রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অর্থ বিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, “সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (তবে সর্বনিম্ন ২০০০ টাকা) প্রদান করা হলো।”

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই নতুন আদেশ আগামী ১ নভেম্বর, ২০২৫ তারিখ থেকে কার্যকর হবে। তবে, শিক্ষক-কর্মচারীরা কোনো বকেয়া ভাতা পাবেন না।এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন শিক্ষকরা আজ দুপুর ১২টায় ‘থালা-বাটি হাতে ভুখা মিছিল’ করার প্রস্তুতি নিচ্ছিলেন। সরকারের এই ঘোষণার ফলে শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের আন্দোলনের একটি বড় অংশ বাস্তবায়িত হলো।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বর্তমানে বাড়িভাড়া বাবদ মাসে মাত্র ১ হাজার টাকা পেতেন। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে এই ভাতা দাবি করে আসছিলেন। এর আগে সরকার এই ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা করার ঘোষণা দিলেও, শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে লাগাতার কর্মসূচি শুরু করেন।