বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সরকারের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৫, ১২:১৬ পিএম

সরকারের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

ছবি - সংগৃহীত

টানা আট দিন ধরে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়িভাড়া বৃদ্ধি করে অর্থ মন্ত্রণালয় থেকে আজ সকালে প্রজ্ঞাপন জারি করা হলেও, শিক্ষকরা এই প্রস্তাবকে ‘অপর্যাপ্ত’ বলে প্রত্যাখ্যান করে তাদের আন্দোলন ও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ বিভাগের এই আদেশের খবরের পরপরই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকরা ক্ষোভে ফেটে পড়েন।এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এই প্রজ্ঞাপনকে ‘আন্দোলনের প্রাথমিক বিজয়’ হিসেবে উল্লেখ করলেও, তিনি মূল দাবি থেকে সরে না আসার ঘোষণা দেন।

তিনি বলেন, “আমাদের মূল দাবি মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা। এই তিন দফার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমাদের সকল কর্মসূচি অব্যাহত থাকবে।”

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ দুপুর ১২টা থেকেই শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘থালা-বাটি হাতে ভুখা মিছিল’ শুরু করে শিক্ষা ভবনের দিকে অগ্রসর হচ্ছেন।এর আগে, গত বৃহস্পতিবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ার পর শুক্রবার থেকে শিক্ষক নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আমরণ অনশন’ কর্মসূচি শুরু করেন, যা আজও অব্যাহত রয়েছে।