বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শাপলা প্রতীক নিয়ে ইসি কী জানালো?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৫, ১২:৫৬ পিএম

শাপলা প্রতীক নিয়ে ইসি কী জানালো?

ছবি - সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) অবস্থান স্পষ্ট করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম। তিনি বলেছেন, “নির্বাচন কমিশন শুধু আইনের কাছে জবাবদিহি করবে। আমাদের আইন ও নীতিমালা অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা (এনসিপিকে) দেওয়া সম্ভব হচ্ছে না।”

রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শাপলা’ প্রতীকের দাবির বিষয়ে তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই আইনের বাইরে গিয়ে কোনো কাজ করে না। আইন ও বিধি অনুযায়ী তারা যে প্রতীক চাচ্ছে, সেটি দিতে পারছে না নির্বাচন কমিশন।”

একইসঙ্গে, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে কোনো সংশয় নেই উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচন আগামী রমজানের আগে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এ নিয়ে সরকারের আর কোনো দ্বিতীয় চিন্তা নেই। গণমাধ্যমে অনেক কিছুই আসতে পারে, তবে তাতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।”

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, “আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে। যেহেতু বর্তমানে আওয়ামী লীগ একটি স্থগিত দল, এই স্থগিত দল হওয়া মানে তাদের সকল কার্যক্রমও স্থগিত। তাই আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে না। তবে তাদের সমর্থকরা ভোট দিতে পারবেন।”বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওসারের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।