শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ০২:০৮ পিএম

তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

ছবি - সংগৃহীত

দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়—তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে দায়ের করা পৃথক দুটি আপিলের চূড়ান্ত শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এই ঐতিহাসিক শুনানি শুরু হয়।

আজ শুনানির প্রথম দিনে আবেদনকারীদের পক্ষে (সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি) বক্তব্য উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী শরীফ ভূঁইয়া। তার আংশিক শুনানি শেষে আদালত আগামীকাল বুধবার (২২ অক্টোবর) সকাল পর্যন্ত এই শুনানি মুলতবি ঘোষণা করেন।

আগামীকাল বুধবার পুনরায় শুনানি শুরু হবে। পর্যায়ক্রমে এই মামলায় বিএনপি, জামায়াতে ইসলামী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের যুক্তি তুলে ধরবেন।এর আগে, ২০১১ সালে হাইকোর্টের এক রায়ে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী, যা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন করেছিল, তা বাতিল ঘোষণা করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণ করলে এই দীর্ঘদিনের অমীমাংসিত আপিলগুলো পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়।

গত ২৭ আগস্ট আপিল বিভাগ এই দুটি আবেদনকে শুনানির জন্য গ্রহণ করেন এবং এরই ধারাবাহিকতায় আজ এই চূড়ান্ত শুনানি শুরু হলো।এই আপিলের রায়ের ওপর দেশের আগামী দিনের নির্বাচনের পদ্ধতি ও রাজনৈতিক কাঠামো   (অনেকটা) নির্ভর করছে, তাই আইন ও রাজনৈতিক অঙ্গনে এই শুনানিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।