রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গাজীপুরের খতিব অপহরণ: অপরাধীদের ছাড় নয়, বললেন ধর্ম উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৪, ২০২৫, ০৪:২৮ পিএম

গাজীপুরের খতিব অপহরণ: অপরাধীদের ছাড় নয়, বললেন ধর্ম উপদেষ্টা

ছবি - সংগৃহীত

গাজীপুরের টঙ্গী থেকে অপহৃত খতিব মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীকে উদ্ধারের পর ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান। ধর্ম উপদেষ্টা লিখেছেন, গাজীপুরের খতিবকে অপহরণকারীদের গ্রেফতার ও দ্রুত আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একযোগে কাজ করছে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এই ঘটনাটি সরকারের সর্বোচ্চ পর্যায়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।এর আগে গতকাল বৃহস্পতিবার ভোরে নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড এলাকা থেকে উদ্ধার করা হয়। তিনি গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার টিঅ্যান্ডটি বাজার জামে মসজিদের খতিব। স্থানীয় সূত্র জানায়, একটি গাছের সঙ্গে পা বাঁধা অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গণমাধ্যমকর্মীদের মহিবুল্লাহ জানান, বুধবার ফজরের নামাজের পর তিনি প্রাত্যহিক হাঁটতে বের হয়েছিলেন। এ সময় একটি অ্যাম্বুল্যান্সে করে পাঁচজন ব্যক্তি এসে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং পথিমধ্যে তাঁর ওপর অমানবিক নির্যাতন চালায়।এই চাঞ্চল্যকর ঘটনা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন আরও জানিয়েছেন, মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীর অপহরণ, গুম ও নির্যাতনের দাবির ব্যাপারে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং সেনাবাহিনীর মাধ্যমে তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।

তিনি ভুক্তভোগীর পরিবার এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, খতিবের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তাঁকে পরিবারের তত্ত্বাবধানে পঞ্চগড় থেকে গাজীপুরে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। ধর্ম উপদেষ্টা এই ন্যক্কারজনক ঘটনায় একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করার এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন।