রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কক্সবাজার‘আন্তর্জাতিক’ বিমানবন্দর ঘোষণা স্থগিত হচ্ছে

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৪, ২০২৫, ০৭:২৩ পিএম

কক্সবাজার‘আন্তর্জাতিক’ বিমানবন্দর ঘোষণা স্থগিত হচ্ছে

ছবি - সংগৃহীত

বহুল আলোচিত কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ বিমানবন্দর হিসেবে ঘোষণার সিদ্ধান্ত স্থগিত করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে এটিকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়ার মাত্র ১২ দিনের মাথায় এই আকস্মিক সিদ্ধান্ত পরিবর্তনের খবর এলো। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী রোববার (২৬ অক্টোবর) এই স্থগিতাদেশ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হতে পারে। তবে ঠিক কী কারণে এমন গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত স্থগিত করা হলো, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত ১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ-১ শাখা এক প্রজ্ঞাপনের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরকে আনুষ্ঠানিকভাবে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ হিসেবে ঘোষণা দেয়। এই ঘোষণার ফলে সেখান থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের কথা ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কলকাতা-কক্সবাজার রুটের মাধ্যমে এই বিমানবন্দরের আন্তর্জাতিক কার্যক্রম শুরু হওয়ার প্রস্তুতিও চলছিল।

চলতি বছরের ২ অক্টোবর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সকে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিতে চিঠি দিয়েছিল। সব প্রক্রিয়া যখন এগিয়ে চলছিল, তখনই ঘোষণাটি স্থগিত করার সিদ্ধান্ত এলো। এই সিদ্ধান্তের ফলে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রক্রিয়াটি আপাতত অনিশ্চয়তার মধ্যে পড়ল। কেন এই আকস্মিক স্থগিতাদেশ, তা জানতে এখন রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে।