রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশে ক্যানসার পরিস্থিতি ভয়াবহ, স্ক্রিনিং বাধ্যতামূলক করার আহ্বান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৫, ০৩:৩৮ পিএম

দেশে ক্যানসার পরিস্থিতি ভয়াবহ, স্ক্রিনিং বাধ্যতামূলক করার আহ্বান

দেশে ক্যানসার রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। সময়মতো পরীক্ষা ও সঠিক চিকিৎসা না পেলে আগামী দিনে এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এই আশঙ্কার কথা জানিয়ে বিশেষজ্ঞরা কিছু ক্ষেত্রে ক্যানসার স্ক্রিনিং বাধ্যতামূলক করা এবং চিকিৎসা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি যুক্ত করার জোর দাবি জানিয়েছেন।

৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত দুই দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যানসার কংগ্রেসের সমাপনী দিনে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে অনকোলজি ক্লাব বাংলাদেশ।

কংগ্রেসের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ক্যানসার বিশেষজ্ঞ ডা. এএফএম কামাল উদ্দিন একটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। তার গবেষণায় বিশ্বের ক্যানসার পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশের ক্যানসার চিকিৎসায় বিদ্যমান নানা সীমাবদ্ধতার চিত্র স্পষ্টভাবে ফুটে ওঠে। তিনি উপস্থিত সবাইকে সতর্ক করে বলেন, এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে ক্যানসার পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।

ডা. কামাল উদ্দিন জানান, বর্তমানে দেশে ক্যানসার রোগীর সংখ্যার তুলনায় রেডিওথেরাপি মেশিনের সংখ্যা অত্যন্ত অপ্রতুল। এক লাখ ৮৪ হাজার রোগীর চিকিৎসার জন্য যেখানে কমপক্ষে ২০৯টি মেশিনের প্রয়োজন, সেখানে দেশে সচল মেশিন রয়েছে মাত্র ২৯টি। এই তীব্র সংকটের ফলে অনেক রোগী যথাযথ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং ফলস্বরূপ মৃত্যুর হারও বাড়ছে। তিনি দ্রুততম সময়ের মধ্যে চট্টগ্রাম ও সিলেটসহ অন্যান্য বিভাগীয় শহরগুলোতে নতুন রেডিওথেরাপি মেশিন স্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।