রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা, নির্বাচন যথা সময়েই

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৫, ০৫:০৮ পিএম

গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা, নির্বাচন যথা সময়েই

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো অবস্থাতেই পেছানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্তই গ্রহণ করুন না কেন, জাতীয় নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে। কোনো শক্তি এই নির্বাচন পেছাতে পারবে না।শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) 'জুলাই কন্যা ফাউন্ডেশন' আয়োজিত এক অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দাবি-দাওয়া ও গণভোটের বিষয়ে শফিকুল আলম বলেন, 'বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত জানিয়েছে। আমরা এটিকে হুমকি হিসেবে দেখছি না। যেটা সবচেয়ে উত্তম, প্রধান উপদেষ্টা সেটাই করবেন।'তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়ে আগামী ১৩ নভেম্বর আদালত পরবর্তী তারিখ জানাবেন।

'মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫' শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, 'স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানে পুরুষ ও নারীরা রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। এখন নারীরা আর পিছিয়ে নেই। সব ক্ষেত্রেই তারা সমানভাবে প্রতিনিধিত্ব করছে।'

তরুণদের জ্ঞান ও মেধার বিকাশকে উৎসাহিত করার লক্ষ্যে নোবিপ্রবি কেন্দ্রীয় অডিটোরিয়ামে 'জুলাই কন্যা ফাউন্ডেশন' এই প্রতিযোগিতার আয়োজন করে। ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাঈল হোসেন।