সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া ২৬ সালে নির্বাচন নয়: জামায়াত আমির

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ০৪:২৬ পিএম

জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া ২৬ সালে নির্বাচন নয়: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন যে, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা ছাড়া ২০২৬ সালে দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। মঙ্গলবার রাজধানীর পল্টনে আয়োজিত সমমনা আটটি রাজনৈতিক দলের এক বিশাল সমাবেশে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই সমাবেশ ও জামায়াত আমিরের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

যুগপৎ কর্মসূচি পালন করে আসা সমমনা আটটি রাজনৈতিক দল মূলত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই সমাবেশের ডাক দেয়।

দাবিগুলোর মধ্যে অন্যতম হলো—জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অবিলম্বে সাংবিধানিক আদেশ জারি করা, চলতি নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা এবং আগামী জাতীয় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ডা. শফিকুর রহমান তার বক্তব্যে জোর দিয়ে বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে রাষ্ট্র সংস্কারের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি হবে না। তিনি অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানের আহ্বান জানান।

সমাবেশে অংশগ্রহণকারী আটটি দল হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি। এসব দলের শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য রাখেন এবং জামায়াত আমিরের বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করেন।

তারা বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তাই সংস্কার ও জুলাই সনদের আইনি কাঠামো ছাড়া কোনো নির্বাচন হলে তা দেশের মানুষ মেনে নেবে না। পল্টনের এই সমাবেশে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।