শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৫, ১০:৩৬ পিএম

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ন্যায়-ইনসাফের ভিত্তিতে দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে নারী সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও রাষ্ট্র এখনো মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা দিতে পারেনি।

এই কারণে তিনি আগামী নির্বাচনের মাধ্যমে দেশে একটি পরিবর্তনের শুভসূচনা করতে সবাইকে ময়দানে আপসহীন ভূমিকা পালন করার জন্য তাগিদ দেন।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুরের পিএসসি কনভেনশন হলে ঢাকা-১৫ সংসদীয় আসনের উদ্যোগে আয়োজিত উদ্ভাসিত যুব নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে নির্বাচন অত্যাসন্ন এবং জনগণ যাদের নির্বাচিত করবে, তারাই ক্ষমতায় আসবে। তবে নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা কী, সেই প্রশ্ন তুলে তিনি বলেন, তিনি নারী সমাজের মতামত ও প্রশ্ন থেকে অবগত হয়েছেন যে তারা নিরাপত্তা ও সম্মানের সঙ্গে বাঁচতে চান। তাদের প্রত্যাশা, রাষ্ট্র যেন তাদের মৌলিক অধিকারের নিশ্চয়তা দেয় এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করে।

তিনি আরও বলেন, তারা চান সন্তান জন্মের পর যেন অপুষ্টিতে না ভোগে এবং একই সঙ্গে যেন সামাজিক নিরাপত্তা পায়, সুচিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত না হয়। পরিণত বয়সে সুশিক্ষা পেয়ে উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হয়ে গড়ে ওঠে এবং বিয়ে-সাদিতে যেন কোনো সমস্যা না হয়। যোগ্যতা অনুযায়ী রাষ্ট্র যেন তাদের কর্মের ব্যবস্থা করে। কিন্তু স্বাধীনতার দীর্ঘ সময় অতিবাহিত হলেও কোনো সরকারই জনগণের এই প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই এখন একটি পরিবর্তনের আবশ্যকতা দেখা দিয়েছে।

জামায়াত আমীর আসন্ন নির্বাচনকে দেশ ও জাতির জন্য একটি 'টার্নিং পয়েন্ট' হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, এটি দীর্ঘদিন চাষাবাদের পর ফসল ঘরে তোলার সময়। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের পক্ষে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই, বরং সর্বোচ্চ কোরবানির মাধ্যমে দ্বীন বিজয়ের প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি বলেন, এ বিষয়ে দেশে যেমন গণজোয়ারের আভাস পাওয়া যাচ্ছে, ঠিক তেমনিভাবে প্রবাসী ভাই-বোনদের মধ্যেও নতুন উচ্ছ্বাস দেখা যাচ্ছে; তারা প্রত্যাশার চেয়েও বেশিকিছু করতে প্রস্তুত।

তিনি স্বীকার করেন যে দেশে ইসলামী আন্দোলনের জন্য নতুন আশাবাদের সৃষ্টি হলেও চ্যালেঞ্জও কম নয়, তাই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অতি সন্তর্পনেই অগ্রসর হতে হবে। তিনি আগামী নির্বাচনে সারাদেশে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে নারী সমাজসহ সবাইকে ময়দানে সর্বশক্তি নিয়োগ করার আহ্বান জানান।