নভেম্বর ২০, ২০২৫, ১১:০৯ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, জোরপূর্বকভাবে বাতিল করা নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হওয়ায় জনগণের কল্যাণ হবে এবং তাদের ভবিষ্যৎ ভালো হবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে ভোলা সদর উপজেলাধীন চরসামাইয়া ইউনিয়ন পরিষদ মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে একই মাঠে ইসলামী আন্দোলন চরসামাইয়া ইউনিয়ন শাখা আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, তিনি আশা করেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয়, তবে বিগত দলীয় সরকারের অধীনে হওয়া নির্বাচনগুলোর চেয়ে তা অনেক বেশি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও নিরপেক্ষ হবে। তার মতে, এই আইন প্রণয়নের মাধ্যমে দেশের জনগণ আশ্বস্ত হয়েছে এবং তারা খুশি। তিনি উল্লেখ করেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো সবসময়ই অপেক্ষাকৃতভাবে ভালো ফল এনেছে।
আরেকটি প্রশ্নের জবাবে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে একটি বাক্সের অধীনে আসার চেষ্টা করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি একক বাক্স থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের এই জ্যেষ্ঠ নেতা শেখ হাসিনার ফাঁসির রায় প্রসঙ্গে বলেন, আদালত আইনের ভিত্তিতে রায় দিয়েছেন।
তিনি মনে করেন, এই রায় পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর। তিনি আশা করেন, সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তা প্রদান নিশ্চিত করবে। সমাবেশে চরসামাইয়া ইউনিয়ন ইসলামী আন্দোলন শাখার সভাপতি মুহাম্মদ ইলিয়াছ মহরীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন মনোনীত ভোলা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মু. ওবায়দুর রহমান বিন মোস্তফা।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা মু. আতাউর রহমান মোমতাজি ও ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ভোলা জেলা উত্তরের সভাপতি মুফতি ইয়াছিন নবীপুরী। প্রধান আলোচকের বক্তব্য দেন ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সেক্রেটারি ও চরসামাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা তরিকুল ইসলাম তারেকসহ প্রমুখ নেতৃবৃন্দ।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন