নভেম্বর ২১, ২০২৫, ১১:০৬ এএম
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসভবন থেকে তিনি সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবীর খান জানান, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্মতি জানিয়েছেন।
তবে তিনি তার মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী এই অনুষ্ঠানে অংশ নেবেন। উল্লেখ্য, গত বছর খালেদা জিয়া প্রথম প্রকাশ্য কর্মসূচি হিসেবে এই সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফরের মাধ্যমে শেষবারের মতো জনসমক্ষে হাজির হয়েছিলেন।
এবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একাধিক শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলের এই শীর্ষ নেতাদের উপস্থিতি অনুষ্ঠানটির রাজনৈতিক গুরুত্ব বাড়িয়ে তুলেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এই সংবর্ধনা অনুষ্ঠানে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন