নভেম্বর ২৪, ২০২৫, ০২:৫৩ পিএম
বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, "সংস্কার হৃদয়ে ধারণ করতে না পারলে সংস্কার কতটা কাজে আসবে, সন্দেহ রয়েছে।"
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই বিভিন্ন রাজনীতিকদের পকেটে ঢুকে যান। এর প্রমাণস্বরূপ তিনি বলেন, বিগত সময়ে গণমাধ্যমগুলো উদ্যোগী হয়ে ফ্যাসিজমকে রক্ষা করেছিল।
মির্জা ফখরুল বলেন, গণমাধ্যম সংস্কার নিয়ে বিএনপির প্রতিশ্রুতি খুবই পরিষ্কার। তিনি স্মরণ করিয়ে দেন, "আমরা ৩১ দফার মাধ্যমে স্পষ্ট করে বলেছি যে আমরা একটি স্বাধীন গণমাধ্যম দেখতে চাই এবং সেটি গড়ে তুলতে চাই। সে জন্যই আমরা তখনই একটি কমিশন গঠনের অঙ্গীকার করেছিলাম।"

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন