মোঃ আব্দুর রাজ্জাক
নভেম্বর ২৯, ২০২৫, ০১:৩০ এএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেছেন, জামায়াতে ইসলামী দলটি ইসলামিক দল নয়। তিনি বলেন, দলটি স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের দুই লাখ মা-বোনদের ইজ্জত লুণ্ঠনে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করেছিল।
অথচ আজ পর্যন্ত জামায়াতে ইসলামী জাতির কাছে ক্ষমা চায়নি।তবে জামায়াতের আমীরের সাম্প্রতিক বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, "জামায়াতের আমীর বলেছেন, ১৯৪৭ থেকে এখন পর্যন্ত যদি কোনো অন্যায় করে থাকি ক্ষমা করে দিবেন।"
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্বাচন উপলক্ষ্যে সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি এসব কথা বলেন।
জামায়াতের মহিলা কর্মীদের উদ্দেশ্যে দুলাল বলেন, জামায়াতের মহিলা কর্মীরা ইউনিয়নের গ্রামে গ্রামে গিয়ে ভোট চাইছেন আর বলছেন "দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবেন"। তিনি প্রশ্ন তোলেন, "তাহলে হিন্দু ভাই-বোনেরা কি নামাজ পড়েন? তারাও কি জান্নাতে যাবে?" তিনি আরও বলেন, "হযরত মুহাম্মদ (সা.) কি বিদায়ী ভাষণে বলেছিলেন—জামায়াতে ইসলামী দলটিকে কি ক্ষমতায় বসাতে হবে দেশে দেশে?"
বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে দুলাল বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আসনে প্রার্থী হয়েছেন। আগামী নির্বাচনে আউলিয়াপুর ইউনিয়ন থেকে দেশের যেকোনো ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে যেন আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে উপহার দিতে পারি। কেননা এই ইউনিয়ন তিন জেলার মধ্যে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় ইউনিয়ন।"
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে দিনাজপুর সদর উপজেলাকে ঢেলে সাজানো হবে। এর মধ্যে রয়েছে:
পৌরসভাকে সিটি কর্পোরেশন করা।
টেক্সটাইল ইনস্টিটিউটকে কলেজে রূপান্তরিত করা।
একটি ক্যাডেট কলেজ স্থাপন করা।
জিয়া হার্ট ফাউন্ডেশনকে দিনাজপুর মেডিকেল কলেজ এর অন্তর্ভুক্ত করা।
দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ করা।
জনসভায় ৬নং আউলিয়াপুর ইউনিয়নের সভাপতি আফজাল হোসেন-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ মাহবুব আহমেদ, সহ-সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল, প্রচার সম্পাদক বাবু চৌধুরী।
এসময় আউলিয়াপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলুর রশিদ ফজলু-এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, শিশু বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম, ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য মোস্তফা কামাল মিলন, সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সবুজ, কোতোয়ালী মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা বেগম প্রমুখ। এছাড়াও জেলা, কোতোয়ালী ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।