সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর-৬ আসনের প্রার্থীর সেবায় খুশি গরিব ও অসহায় মানুষ

আজহারল ইসলাম সাথী

নভেম্বর ২৯, ২০২৫, ০৮:০৬ পিএম

দিনাজপুর-৬ আসনের প্রার্থীর সেবায় খুশি গরিব ও অসহায় মানুষ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাটে ফ্রি মেডিকেল ক্যাম্পে শিশু, নারী, পুরুষসহ বিভিন্ন বয়সের গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য এবং দিনাজপুর-৬ আসনের ধানের শীষের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনের জনসেবামূলক উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার রাণীগঞ্জ মহিলা কলেজ মাঠে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অর্থের অভাবে যারা নিয়মিত চিকিৎসা নিতে পারেন না, সেইসব মানুষের জন্য এই উদ্যোগটি ব্যাপক ফলপ্রসূ হয়েছে। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা মেডিসিন, সার্জারি, শিশু, গাইনি, হৃদরোগ, অর্থোপেডিক, চর্ম ও যৌন রোগসহ বিভিন্ন বিভাগে রোগীদের সেবা প্রদান করেন। সাধারণ রোগের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াও ডায়াবেটিস, রক্তচাপ ও শিশু চিকিৎসা বিষয়ে পরামর্শ প্রদান করেন চিকিৎসকরা। দূর-দূরান্ত থেকে আসা শত শত রোগী বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেনের এই ধরনের জনসেবামূলক উদ্যোগ স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম দুলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু ও মোখলেছুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম শান্ত, যুবদলের সদস্য-সচিব মোফাজ্জল হোসেন প্রধান,

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মফিদুল ইসলাম ও সদস্য সচিব আল রাজি রাজিব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের হোসেন সাদ্দাম এবং সদস্য সচিব আল মোবারছেরুল মনোয়ারুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।