সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জামায়াতের নতুন নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ১০:৪৭ পিএম

জামায়াতের নতুন নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম

জামায়াতে ইসলামীর নতুন নায়েবে আমির হয়েছেন কারা নির্যাতিত নেতা এটিএম আজহারুল ইসলাম। আগামী ২০২৬-২৮ সেশনের জন্য তিনি এই পদে নির্বাচিত হয়ে শনিবার (২৯ নভেম্বর) শপথ গ্রহণ করেছেন।

শনিবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তাকেসহ কেন্দ্রীয় মজলিসে শুরার নব নির্বাচিত সদস্যদেরকে শপথ পড়ান।

এটিএম আজহারুল ইসলাম এর আগে সহকারী সেক্রেটারি, সেক্রেটারি জেনারেল, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং সর্বশেষ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তবে দলের কেন্দ্রীয় অন্য নেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে। মজলিসে শূরার পরামর্শ অনুযায়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত বিগত সেশনের দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন। নিয়মানুযায়ী নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কর্মপরিষদ গঠন করার কথা থাকলেও, এই সিদ্ধান্তের কারণে তা আপাতত স্থগিত থাকল।

শনিবার সন্ধ্যায় মজলিসে শুরার সমাপনী অধিবেশনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, হক্কের পথে চললে বাধা আসবেই। তিনি কর্মীদের পারস্পরিক সম্প্রতি, দায়িত্ববোধ এবং সুদ, ঘুষসহ হারাম বর্জন করার বিষয়ে সর্বোচ্চ সচেতন থাকার আহ্বান জানান।তিনি বলেন, ইসলামী আন্দোলনকে বিজয়ী করার জন্য সামর্থ্য অনুযায়ী আর্থিক কোরবানি করতে হবে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে বুদ্ধিমত্তা ও সাহসের সঙ্গে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।