নভেম্বর ৩০, ২০২৫, ০৮:১৫ পিএম
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় অনুষ্ঠিত গণভোটে দেশের মানুষকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ রোববার (৩০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর কমিটি আয়োজিত ‘গণভোট, জুলাই সনদ ও দেশের গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
সাইফুল হক বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জুলাই সনদের অন্যতম স্বাক্ষরকারী দল হিসেবে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ’ প্রশ্নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে।
গণভোটে উত্থাপিত প্রশ্নসমূহের ধরন নিয়ে আপত্তি থাকলেও তিনি মনে করেন:গণঅভ্যুত্থানের রাজনৈতিক অর্জন ধরে রাখতে ‘হ্যাঁ’ সূচকেই ভোট দেওয়া প্রয়োজন।"তিনি ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন, গণভোটের চারটি ভিন্ন ভিন্ন প্রশ্নের মধ্যে একমাত্র উত্তর দেওয়ার বিধান রাখায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং এই বিভ্রান্তির কারণে গণভোটে প্রত্যাশিত ফলাফল পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সাইফুল হক সতর্ক করে বলেন, যদি গণভোটে ‘না’ ভোট বেশি পড়ে, তা জুলাই গণঅভ্যুত্থান, জুলাই সনদসহ আমাদের নানা অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। অভ্যুত্থানের অংশগ্রহণকারীদের কারোই এই ঝুঁকি নেওয়া উচিত নয়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তার সাংগঠনিক জেলা সমূহে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষেই প্রচারণা চালাবে।তিনি সরকার, নির্বাচন কমিশন ও জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলসমূহকে অনুরোধ জানান, গণভোটের বিষয়াবলী তুলে ধরে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত গঠনে এগিয়ে আসতে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন