সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচিত সরকার যারা চায় না, তারেক রহমান তাদের জন্য বড় বাধা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ১২:৫৭ পিএম

নির্বাচিত সরকার যারা চায় না, তারেক রহমান তাদের জন্য বড় বাধা

যারা নির্বাচিত সরকার চায় না, তাদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বড় বাধা বলে মন্তব্য করেছেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন:যারা চায় না বাংলাদেশটা স্থিতিশীলতার দিকে যাক, গণতান্ত্রিক উত্তরণ ঘটুক, একটি নির্বাচিত সরকার আসুক, যারা চায় বাংলাদেশ আফগানিস্তান বা অন্যান্য রাষ্ট্রের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক, তাদের জন্য এখন সবচেয়ে বড় বাধা হচ্ছেন তারেক রহমান।"

বিএনপির এই নেত্রী মনে করেন, বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান এখন আর কেবলমাত্রই বিএনপির কাণ্ডারী নন।

তার মতে, বাংলাদেশে প্রোগ্রেসিভ পলিটিক্সের, গণতান্ত্রিক ধারার ও একটি মধ্যপন্থার রাজনীতি আগামীতে টিকতে পারবে কি পারবে না, তা অনেকখানি নির্ভর করে তারেক রহমান সুস্থভাবে বাংলাদেশের রাজনীতি করতে পারবেন কিনা তার ওপর।তিনি বলেন, তারেক রহমানের দেশে ফিরে আসার প্রশ্নটি কেবলমাত্র তার ব্যক্তিগত সিদ্ধান্ত কিংবা অসুস্থ মায়ের পাশে দাঁড়ানোর চেয়ে বাংলাদেশের রাজনীতির গতিপ্রকৃতি ও দেশের ভাগ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

রুমিন ফারহানা দেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, নির্বাচন আসার আগে যে এক ধরনের পরিবেশ তৈরি হওয়ার কথা, যেরকম পরিবেশ আমরা ৯১, ৯৬, ২০০১ ও ২০০৮-এ দেখেছি, সেরকম কোনো বাতাস এখন লক্ষ্য করা যায় না। চারদিকে খুবই থমথমে একটা পরিস্থিতি।

তিনি অভিযোগ করে বলেন:যারা রাজনীতি বিশ্লেষণ করেন, এমন অনেকেই খুবই স্পষ্ট এবং দ্যর্থহীন ভাষায় বলছেন, ফেব্রুয়ারিতে তারা কোনো নির্বাচন দেখেন না। আমি একজন রাজনীতির ছোট কর্মী হিসেবে আমি মনে করি না বাংলাদেশে খুব দ্রুত কোনো নির্বাচন হতে যাচ্ছে।"তিনি আরও বলেন, যেকোনো নাগরিকের নিরাপত্তার প্রাথমিক এবং প্রধান দায়িত্ব সরকারের। তারেক রহমান যদি কিছুটা হলেও মনে করেন তার নিরাপত্তার ঘাটতি আছে, তবে এর প্রাথমিক দায় সরকারকে নিতে হবে।