বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে মনোনয়ন দিল বিএনপি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২৫, ১০:৪৯ পিএম

অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে মনোনয়ন দিল বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

তিনি বর্তমানে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি হিসেবে পরিচিত। তার মতো একজন অভিজ্ঞ ও সুপরিচিত আইনজীবীর মনোনয়ন পাওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নতুন করে আরও ৩৬টি আসনে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নতুন প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নতুন করে মনোনয়ন পাওয়া ৩৬ জনের মধ্যে অ্যাডভোকেট জয়নুল আবেদীন রয়েছেন।অ্যাডভোকেট আনিসুর রহমান বিশ্বাস রায়হান এই প্রসঙ্গে বলেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মনোনয়ন পাওয়ায় সারাদেশের আইনজীবীদের মধ্যে খুশির বন্যা বইছে।

এর মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অ্যাডভোকেট জয়নুল আবেদীন বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপির সব শীর্ষ নেতাদের পক্ষে সাহসিকতার সঙ্গে আইনি লড়াই করেছেন এবং এখনো করে যাচ্ছেন। তিনি আরও জানান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন তার নির্বাচনী এলাকাতেও ব্যাপক জনপ্রিয় এবং তার মনোনয়ন এই আসনে দলের জয়ের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেবে।