সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জামায়াতের পূর্বঘোষিত তালিকা থেকে বাদ পড়ছেন ১০০ প্রার্থী

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২৫, ১০:৫৫ এএম

জামায়াতের পূর্বঘোষিত তালিকা থেকে বাদ পড়ছেন ১০০ প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত তালিকা থেকে ৮০ থেকে ১০০ জন প্রার্থী বাদ পড়তে পারেন। জাতীয় রাজনীতিতে অভিন্ন আন্দোলনের অংশ হিসেবে শরিক ৭ দলের জন্যই মূলত এসব আসন ছাড়বে জামায়াত।

নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং মাঠপর্যায়ের জনপ্রিয়তা যাচাইয়ের ভিত্তিতে এই রদবদল চলছে।

জামায়াত নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব যোবায়ের জানিয়েছেন, সংখ্যা নয়, বরং জয়ের সম্ভাবনাই প্রার্থী নির্বাচনের মূল মানদণ্ড।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে অভিন্ন আন্দোলনে শরিক আটটি দল এখন একক প্রার্থী চূড়ান্তের দিকে এগোচ্ছে। মাঠ জরিপে কোন দলের কোন আসনে জয়ের সম্ভাবনা বেশি, তা দেখে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। আসন বণ্টন নিয়ে কিছু জটিলতা থাকলেও ইসলামি ঐক্যের স্বার্থে সব শরিক দল ছাড় দেওয়ার মানসিকতা দেখাচ্ছে। প্রাথমিক আলোচনা অনুযায়ী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১২০, জামায়াত ১৩০ এবং বাকি ৫০ আসনে অন্য দলগুলোর প্রার্থী চায়। খেলাফত আন্দোলন ২০টি আসন চাইছে।

খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিও (বিডিপি) নিজস্ব জরিপ পরিচালনা করছে।জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ কয়েকজন শীর্ষ নেতা ঢাকায় প্রার্থী হচ্ছেন। এছাড়া ইতোমধ্যে দুইজন হিন্দু প্রার্থীসহ বিভিন্ন ধর্মাবলম্বী ও উপজাতি গোষ্ঠীর আরও ৪ থেকে ৫ জনকে তালিকায় বিবেচনায় রাখা হয়েছে।

রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি অঞ্চলে ডাকসুর কয়েকজন নেতার নামও আলোচনায় রয়েছে। ইতোমধ্যে প্রার্থী পরিবর্তন শুরু হয়েছে, হবিগঞ্জ-৪ এবং কুড়িগ্রামসহ কয়েকটি আসনে নতুন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। শরিক দলের সমঝোতা ও অভ্যন্তরীণ পরিবর্তন মিলিয়ে ৮০ থেকে ১০০ জন প্রার্থী বাদ পড়ছেন বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। এই রদবদল সারাদেশের রাজনীতিতে শরিক দলগুলোর মধ্যে একতার বার্তা দিচ্ছে।