সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাবেশ ও র‌্যালি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২৫, ০৮:৫৭ পিএম

খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাবেশ ও র‌্যালি

৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে খেলাফত মজলিস। শুক্রবার ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী।

এই সমাবেশ থেকে খেলাফত মজলিস জাতীয় নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছে।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আহমদ আলী কাসেমী বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক অবস্থায় রয়েছে।

এমন অবস্থায় সামনে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি মনে করেন, নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির অন্যতম প্রধান শর্ত হলো আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করা।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, পেশীশক্তি এবং কালো টাকার আধিপত্য নির্মূল করা না হলে কোনোভাবেই নির্বাচন সুষ্ঠু হতে পারে না।তিনি আরও বলেন, সংবিধান সংস্কারে গণভোট যদি জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত না হয়, তবে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ভূলুণ্ঠিত হওয়ার শঙ্কা রয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, জনআকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণের বিরুদ্ধে যারাই অবস্থান গ্রহণ করবে, জনগণ গণভোটে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে।

খেলাফত মজলিসের পক্ষ থেকে তিনি অবিলম্বে নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের জন্য সরকারের প্রতি দাবি জানান। শাখা সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যুগ্মমহাসচিব অধ্যাপক আবদুল জলিল ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান।

ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক মো আবুল হোসেনের পরিচালনায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি জাতীয় প্রেসক্লাব, বায়তুল মোকাররমের উত্তর গেট ও দৈনিক বাংলা হয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে গিয়ে শেষ হয়। সারাদেশের রাজনীতিতে খেলাফত মজলিসের এই সমাবেশ একটি উল্লেখযোগ্য ঘটনা।