সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২৫, ১০:৫৭ পিএম

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এন্ডোসকপি সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে তার পাকস্থলীর অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য শুক্রবার রাতে এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন।

এন্ডোসকপির মতো জটিল প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ায় জাতীয় রাজনীতির এই নেত্রীর চিকিৎসা নিয়ে তৈরি হওয়া উদ্বেগ কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।

মেডিকেল বোর্ডের ওই সদস্য জানান, বোর্ডের পরামর্শক্রমেই শুক্রবার বিকেলে বেগম জিয়ার এন্ডোসকপি সম্পন্ন হয়। তিনি নিশ্চিত করেন যে, এন্ডোসকপির মাধ্যমে তার স্টমাকের (পাকস্থলী) ভেতরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে।

এন্ডোসকপির পুরো প্রক্রিয়াটি পর্যাপ্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। হাসপাতালের আরেকটি সূত্র থেকে জানা যায়, এন্ডোসকপির পর খালেদা জিয়ার আরও একটি মাইনর অপারেশন সম্পন্ন হয়। এই সাফল্যের পর আজ রাতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকসহ মেডিকেল বোর্ড বৈঠকে বসবেন। সেখানেই খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে পরবর্তী আলোচনা চূড়ান্ত করা হবে।

এদিকে, খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শুক্রবার দুপুরে ঢাকায় পৌঁছেছেন। তিনি খালেদা জিয়াকে লন্ডন যাত্রায় সঙ্গে থাকবেন। উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। পরে ৩০ নভেম্বর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয় এবং ভেন্টিলেশনে রাখা হয়। সারাদেশের মানুষের দৃষ্টি এখন এই প্রবীণ রাজনীতিবিদের দ্রুত আরোগ্য এবং লন্ডন যাত্রার দিকে।