ডিসেম্বর ৬, ২০২৫, ০১:৪৯ পিএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। শনিবার (৬ ডিসেম্বর) তিনি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
বিএনপির পক্ষ থেকে তিনিই কাতার কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক এই বিষয়ে যোগাযোগ রক্ষা করছেন। এই সিদ্ধান্তের ফলে জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রীর বিদেশে চিকিৎসার বিষয়টি এখন পুরোপুরি চিকিৎসকদের চূড়ান্ত মতামতের ওপর নির্ভর করছে।
এনামুল হক চৌধুরী বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে এবং তারা সেভাবে এখন প্রস্তুত রয়েছে।
তিনি নিশ্চিত করেন, মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং ম্যাডাম বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাবে। কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছে। অর্থাৎ বিএনপি চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য রয়্যাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সবকিছু হচ্ছে এবং এখানে বিএনপির নিজস্ব কোনো উদ্যোগ নেই।বর্তমানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে বলে জানা গেছে।
একাধিক চিকিৎসকের সঙ্গে আলাপ করে জানা যায়, বিএনপি চেয়ারপারসন এখনো ফ্লাই করার সক্ষমতা অর্জন করেননি। সে জন্যই লন্ডন যাত্রা বিলম্ব হচ্ছে। তারা আরও জানান, গত দুই দিনে মেডিকেল বোর্ড কিছু পরীক্ষা করেছে এবং তার প্রতিবেদন পর্যালোচনা করছেন। গতকাল দুই দফায় মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিদিনই বোর্ডের সভায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার নিয়মিত প্রতিবেদনগুলো পর্যালোচনা করা হচ্ছে।
অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন। এই মেডিকেল বোর্ডে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সদস্য। গতকাল তিনি লন্ডন থেকে ঢাকায় এসেছেন শাশুড়ি বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে। গত ২৩ নভেম্বর থেকে বেগম জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন