সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি জানালেন ডা. জাহিদ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ০৪:৩৬ পিএম

খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি জানালেন ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ পরিস্থিতি এবং উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হবে কি না, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ রাতে মেডিকেল বোর্ডে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।ডা. জাহিদ হোসেন জানান, গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনো দেশেই চিকিৎসা নিতে আগ্রহী।

তিনি পুত্রবধূ ডা. জুবাইদা রহমানকে এই আগ্রহের কথা জানিয়েছেন। এই খবর জাতীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

কারণ দলীয় নেতারা ও মেডিকেল বোর্ড তার জীবন রক্ষার্থে বিদেশে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।গত ২৩ নভেম্বর থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা উদ্বেগজনক এবং লিভার, কিডনি, হৃদযন্ত্রের মতো জটিল সমস্যা রয়েছে। ইতোমধ্যে মেডিকেল বোর্ড তার অবস্থার উন্নতি ঘটাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারিগরি ত্রুটির কারণে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে বিলম্ব হওয়ায় তার লন্ডন যাত্রাও বিলম্বিত হচ্ছে।

অন্যদিকে, বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ ডা. জুবাইদা রহমান শুক্রবারই লন্ডন থেকে ঢাকায় এসেছেন। তিনি বর্তমানে মেডিকেল বোর্ডের একজন সদস্য হিসেবে এবং পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার চিকিৎসা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সারাদেশের মানুষের দৃষ্টি এখন মেডিকেল বোর্ডের রাতের বৈঠকের দিকে, যেখানে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার ভিত্তিতে লন্ডন যাত্রার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।