ডিসেম্বর ৬, ২০২৫, ০৪:৪৬ পিএম
চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য সারাদেশের মানুষের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (০৬ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে সংবাদ মাধ্যমের কাছে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যকে মেডিকেল বোর্ড সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এয়ার অ্যাম্বুল্যান্স প্রস্তুত থাকলেও তার শারীরিক অবস্থা বিবেচনা করে বিদেশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, গত ছয় বছর ধরে মেডিকেল বোর্ড প্রতিকূল পরিবেশেও খালেদা জিয়ার চিকিৎসা দিয়ে আসছে এবং এখনো পেশাগত দক্ষতার সঙ্গে চিকিৎসা চালিয়ে যাচ্ছে।
তিনি উল্লেখ করেন, চিকিৎসা সমন্বয়ের কাজে পুত্রবধূ ডা. জুবাইদা রহমান সকাল–বিকেল বোর্ডের বৈঠকে অংশ নিচ্ছেন। এছাড়া পরিবারের সদস্য শামিলা রহমান, শামীম স্কান্দারসহ অন্যরাও নিয়মিতভাবে সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হচ্ছেন। তিনি খালেদা জিয়ার প্রতি সম্মান ও ভালোবাসা থাকলে গুজব না ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানান। তিনি বলেন, এর আগেও আরও প্রতিকূল অবস্থা থেকে তিনি সেরে উঠেছেন। সবাইকে দোয়া করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিদেশ নেওয়ার জন্য শারীরিকভাবে প্রস্তুত হওয়ার অপেক্ষা করা হচ্ছে, তাই বিভ্রান্তিকর তথ্য ছড়ানো উচিত নয়।
এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী জানান, খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাবে। তিনি নিশ্চিত করেছেন, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছে। তিনি বলেন, বর্তমানে জাতীয় রাজনীতির এই নেত্রীর শারীরিক অবস্থা আগের মতোই আছে এবং মেডিকেল বোর্ডের সদস্যরা ক্রিটিকাল কেয়ার ইউনিটে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা কাজ করছেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে বেগম জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান গত শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসেছেন এবং তিনি এই মেডিকেল বোর্ডের সদস্য হিসেবেও কাজ করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন