সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

চাঁদাবাজদের ভোট না দেওয়ার আহ্বান শায়খে চরমোনাইয়ের

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ০৭:৪২ পিএম

চাঁদাবাজদের ভোট না দেওয়ার আহ্বান শায়খে চরমোনাইয়ের

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বাংলাদেশের রাজনীতিতে দুর্নীতি এবং চাঁদাবাজির উত্থান নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের মধ্যে ৫৩ বছরে যারা আমাদের জিম্মি করে রেখেছিল, তাদের চরিত্র আমরা দেখেছি।

তিনি উল্লেখ করেন, সেই নেতারা নিজেদের কাছে নিজেরাই নিরাপদ নয় এবং তারা নিজেদের খেয়ে ফেলছে। শনিবার বিকেলে সিলেটের সরকারি আলিয়া মাদরাসা মাঠে আন্দোলনরত আট দলের বিভাগীয় সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

চরমোনাই পীর সিলেটের রাজনীতির একটি স্পর্শকাতর বিষয় টেনে বলেন, এই সিলেট থেকেই জনপ্রিয় নেতা ইলিয়াস আলী গুম হয়েছিলেন এবং মনে হয় না তিনি আর ফিরে আসবেন।

তিনি জাতীয় রাজনীতির প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ৫ আগস্টের পর আমাদের সকলের দাবি ছিল দেশের সংস্কার হবে এবং খুনি ও টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে। তিনি মনে করেন, এই ধরনের সংস্কারের ফলেই একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি হবে।মুফতি সৈয়দ ফয়জুল করীম অভিযোগ করেন, দেশে আজকে সংস্কার এবং দৃশ্যমান বিচারেও বাধা দেওয়া হচ্ছে। তিনি বলেন, যারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছিলেন, তারা যখন দেখলেন সারাদেশের জনগণ জালিম ও চাঁদাবাজদের পক্ষে নেই, তখন তারা নিজেরাই পাগল হয়ে গেছেন।

তিনি সারাদেশের জনগণের প্রতি আহ্বান জানান, ৫ আগস্টে দেশ স্বাধীনের পর আমরা যারা দেশপ্রেমিক রয়েছি, যদি এখন আমরা ব্যর্থ হই, তবে ইতিহাসে আমাদের নিয়ে কলঙ্কজনক অধ্যায় রচিত হবে। তিনি জোর দিয়ে বলেন, "আসুন, ক্ষমতাপ্রেমী-চাঁদাবাজ-টাকা পাচারকারীদের ভোট না দিয়ে দেশকে উঁচুতে নিয়ে যাই।" এই সমাবেশ থেকে তিনি সৎ ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠার জন্য জনগণকে তার হাতপাখার প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।