সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

স্বৈরাচারী হাসিনা কখনো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি: সালাহউদ্দিন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ১০:০৩ পিএম

স্বৈরাচারী হাসিনা কখনো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেছেন, "শেখ হাসিনা বাকশালের মাধ্যমে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। গণঅভ্যুত্থানে জনগণ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে।

 তিনি আরও বলেন, "তিনি বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতায় কখনো বিশ্বাস করেননি। পার্শ্ববর্তী একটি দেশের সেবাদাস হিসেবে ক্ষমতা ধরে রেখে সেই দেশের সম্পদ পাচারে সহযোগিতা করেছেন।

শেষ পর্যন্ত তার নির্ধারিত ঠিকানাও হয়েছে দিল্লি।" শনিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলার ইসলামনগর এলাকায় মহিলা সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সমাবেশে আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ইনশাআল্লাহ বাংলাদেশে ঐতিহাসিক পরিবর্তনের সূচনাকারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন শুধু নির্বাচিত হয়ে সরকার গঠনের নির্বাচন হবে না, এটি হবে সারাবিশ্বে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এই নির্বাচনে জনগণই তার নিজের ভোটের পাহারা দেবে, আর কাউকে লাগবে না। তিনি আরও বলেন, গত ১৬ বছর দেশে গণতন্ত্র ছিল না, এবার তা ফিরে এসেছে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, সারাদেশের মানুষ এখন পরিবর্তন চায়, ন্যায়বিচার চায় এবং শান্তি চায়। তিনি দাবি করেন, বিএনপি জনগণের কাছে যে ইশতেহার দেবে, সেটিই হবে বাস্তবসম্মত, জনমুখী ও পরিবর্তনের অঙ্গীকার। বিএনপি ক্ষমতায় গেলে দেশের অর্থনীতি, প্রশাসন ও ন্যায়বিচারে যে বিপর্যয় তৈরি হয়েছে, তা পুনর্গঠন করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

সমাবেশে সালাহউদ্দিন আহমেদের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কক্সবাজার-১ আসন থেকে টানা তিনবারের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ দীর্ঘ সময় পর এলাকায় ফিরে প্রচারণা শুরু করেছেন।