ডিসেম্বর ৭, ২০২৫, ১০:৪৫ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিশেষ সুবিধাভোগী নেতৃত্বকে সাধারণ মানুষ আর নেতা হিসেবে মানবে না। তিনি চাঁদাবাজির বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আমরা প্রয়োজনে ৩০০ ভোট পাব কিন্তু চাঁদাবাজদের কাছে কখনো মাথানত করব না।
দেবীদ্বার থেকে চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত এ লড়াই চলবে।"আজ রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বল্লভপুর বাজারে নির্বাচনী পদযাত্রা শেষে ‘উঠানে রাজনীতি’ শীর্ষক এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
এনসিপি-এর এই নেতা বলেন, "নেতার জন্য বিশেষ ব্যবস্থা, বিশেষ চেয়ার, বিশেষ প্রটোকল। এই বিশেষ মানুষকে আমাদের মতো সাধারণ মানুষ আর নেতা হিসেবে আমরা মানব না।"
তিনি আসন্ন নির্বাচনে সাধারণ মানুষের ভূমিকার ওপর জোর দিয়ে বলেন, "আমার মায়েরা-বোনেরা রোজা রেখে আমাকে ভোট দিতে আসবেন। বিশ্ববিদ্যালয়পড়ুয়া আমার ভাই-বোনরা আমার জন্য কাজ করবেন।" তিনি আরও বলেন, "রাজমিস্ত্রি ও খেটে খাওয়া মানুষ যারা আমার আব্বার বন্ধুরা আছেন এবার তারাই হবেন আমার নির্বাচনে এজেন্ট। কারণ তাদের সন্তান এবার নির্বাচনে দাঁড়িয়েছে। মা-বাবার এবারের ভোট তাদের সন্তানের পক্ষে হোক।
হাসনাত আব্দুল্লাহ তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বলেন, "আমাদের সমাজে উল্লেখযোগ্য সংখ্যক হচ্ছে তরুণ প্রজন্ম। যারা জাগতিক স্বার্থের কাছে পরাজয় বরণ করে না, যারা গুলির কাছে বুক পেতে দেয়, এবার নির্বাচন হবে তাদের জন্য পরীক্ষা। দাদা দেখে নাতিকে কেউ ভোট দেয় না, ব্যক্তি দেখে ভোট দেয়।"
তিনি রাজনীতিতে নেতৃত্বের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, "যে সংসদে যাবে তাকেই ভোট চাইতে আসতে হবে। যে সংসদে যাবে সে মাতব্বরি করবে। আর যদি অন্য কেউ মাতব্বরি করতে চায় তাহলে তাকে নিজে ভোটে দাঁড়াতে হবে।" তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, কারণ "আমরা যারা নেতা বানাই নেতারা আমাদের কখনো মানুষই মনে করে না।"


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন