ডিসেম্বর ৮, ২০২৫, ১২:০৪ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগিব সামাদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় ভাড়া নেওয়া এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে বিমানবন্দরে অবতরণ করবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন দায়িত্বশীল কর্মকতাও এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ফ্লাইটটিকে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে অবতরণের অনুমতি দেওয়া হয়েছে এবং এটি রাত ৯টার দিকে ঢাকা ত্যাগ করতে পারে।
তবে তিনি এও জানান, খালেদা জিয়ার মেডিকেল টিমের মূল্যায়ন এবং প্রস্তুতির ওপর ভিত্তি করে এই সময়সূচি পরিবর্তিত হতে পারে। দুই সপ্তাহের বেশি সময় ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে লন্ডন ও চীন থেকে আসা চিকিৎসক দল যুক্ত রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় এখনো মেডিকেল বোর্ড এ বিষয়ে চূড়ান্ত মত দেয়নি।
বোর্ডের গ্রিন সিগন্যাল পেলেই তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে। উল্লেখ্য, এর আগে এ বছরের ৭ জানুয়ারি বেগম খালেদা জিয়াকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তিনি লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়েছিলেন। চিকিৎসা শেষে প্রায় চার মাস পর তিনি ৫ মে কাতারের আমিরের দেওয়া একই এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরে আসেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন