সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দলের নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের যে আহ্বান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৮, ২০২৫, ০৭:৩৪ পিএম

দলের নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের যে আহ্বান

দলের বিভিন্ন পর্যায়ে মনোনয়ন প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া ক্ষোভ ও অসন্তোষের গুঞ্জনের প্রেক্ষাপটে দলের নেতাকর্মীদের প্রতি কড়া বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেন, রাজনৈতিক লড়াই অত্যন্ত কঠিন হতে যাচ্ছে এবং দল যদি ঐক্যবদ্ধ না থাকে তবে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করতে পারে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দলের সর্বস্তরের কর্মীদের উদ্দেশ্য করে এসব কথা বলেন।

তাঁর এই বক্তব্য এমন সময়ে এলো যখন আসন্ন নির্বাচন সামনে রেখে বিভিন্ন আসনে প্রার্থী বাছাই নিয়ে কিছুটা চাপা অসন্তোষের খবর শোনা যাচ্ছে।

তারেক রহমান এই প্রসঙ্গে সরাসরি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন আসনে ধানের শীষের প্রার্থী দেওয়া হয়েছে, কিন্তু এখানে প্রার্থী মুখ্য নয়, মুখ্য তোমার দল। মুখ্য হচ্ছে ধানের শীষ। সুতরাং এই মুহূর্তে ধানের শীষকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আরও জোর দিয়ে বলেন, সামনের সময় অত্যন্ত কঠিন এবং এই কঠিন সময়ে যদি সবাই ঐক্যবদ্ধ না থাকে, তবে বড় ধরনের বিপদের মুখে পড়তে হতে পারে।

আন্দোলনের সময় যেভাবে সাধারণ মানুষকে দলের বার্তা বোঝানো হয়েছে, ঠিক সেভাবেই এখন দেশ গড়ার পরিকল্পনার বিষয়েও সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে বলে তিনি নির্দেশ দেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে চলমান প্রচারণার একটি বিশেষ ধারার সমালোচনা করে বলেন, এখন দেশে একধরনের প্রচারণা চলছে যে একজন বিশেষ কেউ ভালো, আর বাকি সবাই খারাপ। এটা গণতন্ত্রণের জন্য অত্যন্ত বিপজ্জনক একটি ব্যাপার। বিগত ষোলো বছর ধরে একটি দল ক্রমাগত প্রচার করতে চেয়েছে যে শুধু তারাই ভালো, আর বাকি সবাই খারাপ।

৫ তারিখের পরে বোধ হয় সেই প্রচারণার কোনো পরিবর্তন ঘটেনি। এখনো আবার এক ধরনের প্রচারণা চলছে যে একজন ভালো আর বাকি সবাই খারাপ। তিনি মনে করেন, এই ধরনের বিভেদ সৃষ্টিকারী প্রচারণার পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি। বর্তমানে দেশে অর্থনৈতিক দুরবস্থা চলছে উল্লেখ করে তিনি বলেন, দেশের অর্থনৈতিক ব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে গেছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, দেশের সেই অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তন করতে হলে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া আমরা কোনোভাবেই পারব না।