ডিসেম্বর ৯, ২০২৫, ১০:৩৯ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১০০টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলীয় সূত্রে জানা গেছে, বড় কোনো পরিবর্তন না ঘটলে আজ মঙ্গলবারই এই প্রাথমিক প্রার্থিতা ঘোষণা করা হবে।
গতকাল সোমবার এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এই তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিক ধাপে ১০০ আসনের প্রার্থী চূড়ান্ত হয়েছে এবং সব ঠিক থাকলে আজই ঘোষণা দেওয়া হবে।
তবে অনিবার্য প্রয়োজনে চূড়ান্ত তালিকা আগামী বুধবার প্রকাশ করা হতে পারে।দলীয় সূত্রগুলো আরও জানিয়েছে, প্রথম ধাপের এই প্রার্থী তালিকা ঘোষণার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বাকি আসনগুলো জোটগত সমঝোতার ভিত্তিতে নির্ধারিত হবে এবং চলতি মাসেই সেসব আসনের প্রার্থীর নাম জানানো হবে। প্রার্থী বাছাই প্রক্রিয়ায় এনসিপি পরিবারকেন্দ্রিক নেতৃত্বের পরিবর্তে ‘রাষ্ট্র সংস্কার’ ভাবধারার রাজনীতি, পেশাজীবী এবং নীতিনিষ্ঠ তরুণদের প্রাধান্য দিয়েছে।গত ৬ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি শুরু করে এনসিপি এবং সময় বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত মোট ১ হাজার ৪৮৪টি ফরম বিক্রি করা হয়েছিল। তবে এই আসন বণ্টন নিয়ে কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ে কিছুটা অসন্তোষ তৈরি হওয়ার খবর পাওয়া গেছে।
দলের কয়েকজন নেতা অভিযোগ করেছেন, দুই উপদেষ্টা ও তিনজন কেন্দ্রীয় নেতা আসন বণ্টনে হস্তক্ষেপ করছেন এবং পারিবারিক সদস্যদের প্রাধান্য দিচ্ছেন, যা তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।এদিকে দলের শীর্ষ নেতৃত্বে থাকা আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ থেকে নির্বাচন করছেন এবং তিনি ঢাকা-৯ থেকেও প্রার্থী হতে পারেন। সদস্যসচিব আখতার হোসেন রংপুর-৪ থেকে লড়বেন। উল্লেখযোগ্য বিষয় হলো, অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টাও এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানা গেছে।
এর মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১২ বা ঢাকা-১০ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লক্ষ্মীপুর-১ থেকে প্রার্থী হতে পারেন। এ ছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা-১ এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলটির অন্য একাধিক সিনিয়র নেতা ইতোমধ্যেই নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। উল্লেখ্য, গত রোববার এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে মুখপাত্র করে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠনের ঘোষণা দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন