রবিউল এহ্সান রিপন
ডিসেম্বর ৯, ২০২৫, ০৪:১৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম আশা প্রকাশ করেছেন যে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি মন্তব্য করেছেন, কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর জন্য নির্বাচন পেছানো বা আগানোর অবস্থা এখন আর নেই।
আজ মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব মন্তব্য করেন। বিএনপি'র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন পেছাবে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।
সারজিস আলম জানান, অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের প্রতি তাঁদের আস্থা রয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।
তারেক রহমানের প্রসঙ্গে তিনি বলেন, "অভ্যুত্থানের ১৩ মাস পেরিয়ে গেছে, তারেক রহমান দেশে ফেরা নিয়ে নিজে কোনো বাধা অনুভব করতে পারেন। কিন্তু আমাদের জায়গা থেকে, রাজনৈতিক দলগুলোর থেকে সাধারণ মানুষের পালস থেকে বুঝতে পারি, এই বাংলাদেশে তিনি আসলে, তাঁর জন্য কোনো সমস্যা তৈরির সুযোগ নেই।"জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়ে অভিযোগ তুলে সারজিস আলম বলেন, নির্বাচন কমিশন জাতীয় পার্টিকে সুযোগ দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করছে।
তিনি অভিযোগ করেন, "আওয়ামী লীগ যা, জাতীয় পার্টিও তা। ভারতে গিয়ে দাসত্ব করেছে, সেখানকার পরামর্শে এসে দেশের মানুষকে ধোকা দিয়েছে। আ.লীগের সহযোগী হয়ে এমপি হয়েছে-সুযোগ সুবিধা নিয়েছে।"তিনি আরও বলেন, "আ.লীগকে যেমন সরকার বিচারের সম্মুখীন করেছে, তেমনি ভাবে জাতীয় পার্টিকেও বিচারের সম্মুখীন করা উচিত।"সারজিস আলম সাংবাদিকদের আরও জানান, আজ সন্ধ্যার মধ্যেই এনসিপি'র প্রথম পর্যায়ে সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত করা মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
এসময় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কৃষিবিদ উইং কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম সহ ঠাকুরগাঁও জেলার নব গঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।