ডিসেম্বর ৯, ২০২৫, ০৬:৩৫ পিএম
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দেশের এবং বিদেশের সকল নির্যাতিত মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবীর রিজভীর মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই সহমর্মিতা ব্যক্ত করেন।
তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশসহ বিশ্বের কোথাও যেন ভবিষ্যতে আর কেউ মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত না হয়— সেজন্য মানবাধিকার রক্ষা প্রতিদিনের জন্য অপরিহার্য।
তারেক রহমান তাঁর বিবৃতিতে উল্লেখ করেন, ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস—জাতিসংঘ ঘোষিত একটি গুরুত্বপূর্ণ দিন।
২০২৫ সালের এই দিবসের প্রতিপাদ্য 'মানবাধিকার: আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য'—এই প্রতিপাদ্য স্মরণ করিয়ে দেয় যে, মানবাধিকার কোনো বিশেষ দিনের বিষয় নয়, বরং প্রতিদিন মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে নজরদারি ও প্রতিকার প্রয়োজন।তিনি দাবি করেন, গত দেড় দশকে দেশ ফ্যাসিবাদী শাসনের এক অন্ধকার সময় পার করেছে, যখন মানবাধিকারকে 'সমাধিস্থ' করা হয় এবং রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে গণতন্ত্রকে নিশ্চিহ্ন করা হয়। এই সময়ে রাজনীতিবিদ, সাংবাদিক, ছাত্র, শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই মিথ্যা মামলা, কারাবাস, নির্যাতন, গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন বলেও তিনি দাবি করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাগরিক স্বাধীনতার সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং নির্যাতিতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশ এখন নতুন যাত্রায়—যা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানবাধিকারের সুরক্ষার যাত্রা। ভবিষ্যতের রাষ্ট্রব্যবস্থা এমন হতে হবে, যেখানে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং দারিদ্র্য হ্রাসকে মানবাধিকার প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে।
বিবৃতিতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাকে "মানবাধিকার লঙ্ঘনের কলঙ্কজনক অধ্যায়" হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দীর্ঘ কারাবাস এবং বর্তমান শারীরিক অবস্থার মধ্যে দেশনেত্রীর প্রতি করা অন্যায় আচরণ জনগণকে মানবাধিকার রক্ষার সংগ্রামে আরও বেশি দৃঢ় করেছে। সবশেষে তিনি আহ্বান জানান, দেশের মানুষ এখন মানবাধিকার রক্ষার অঙ্গীকারে ঐক্যবদ্ধ। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, মানবাধিকার দিবসে এটিই হোক আমাদের সকলের দৃঢ় অঙ্গীকার।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন