সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সংস্কার নিয়ে কথা না বলে বিএনপি-জামায়াত ক্ষমতা নিয়ে ব্যস্ত: আখতার হোসেন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২৫, ০৭:১৭ পিএম

সংস্কার নিয়ে কথা না বলে বিএনপি-জামায়াত ক্ষমতা নিয়ে ব্যস্ত: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন যে, দেশের রাজনৈতিক দলগুলো বর্তমানে সংস্কার নিয়ে কোনো আলোচনা না করে কেবল কীভাবে ক্ষমতায় আসা যায়, সেই বিষয়টি নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে জাতীয় যুবশক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি বিএনপি এবং জামায়াতে ইসলামীর রাজনৈতিক তৎপরতার বিষয়ে এই মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিছক কোনো ক্ষমতার পরিবর্তন হওয়ার কথা ছিল না। এই নির্বাচনের একমাত্র লক্ষ্য হওয়ার কথা ছিল রাষ্ট্রীয় সংস্কার।

কিন্তু রাজনৈতিক দলগুলো নির্বাচনকে একটি 'শোডাউনের নির্বাচনে' পরিণত করেছে। তাঁর মতে, সংস্কারের মূল লক্ষ্য থেকে সরে এসে দলগুলো কেবল ক্ষমতা দখলের দিকে মনোযোগ দিচ্ছে।তিনি আরও বলেন, বিভিন্ন জরিপের মাধ্যমে ক্ষমতা কারা পাবে বা না পাবে—এই ধরনের আলোচনা তুলে ধরে মানুষের সংস্কারের আকাঙ্ক্ষাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

আখতার হোসেন দৃঢ়তার সঙ্গে মন্তব্য করেন, শুধু ভোটের হিসাব-নিকাশ দিয়ে রাজনীতির গতিপথ নির্ধারণ করা সম্ভব নয়, বরং জনগণের মৌলিক আকাঙ্ক্ষা এবং রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারই এখন মূল বিবেচ্য বিষয় হওয়া উচিত।