আবু সালেহ মো. রায়হান
ডিসেম্বর ১২, ২০২৫, ০৪:০৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড়ে। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে।
এ সময় জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান এবং পুলিশ সুপার মো. রবিউল ইসলাম নির্বাচনী আচরণবিধি শতভাগ মেনে চলতে প্রার্থী ও রাজনৈতিক দলের কর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দেন।
কর্মশালায় জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান, পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, জেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল হাসান।
পঞ্চগড় সেনা ক্যাম্প কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক উপস্থিত ছিলেন।পঞ্চগড়ের দুইটি আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ বিভিন্ন দলের প্রার্থী, স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আচরণবিধি বিষয়ে মতবিনিময়ে অংশ নেন।
মতবিনিময় কর্মশালা শেষে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি আশা প্রকাশ করে বলেন, সহযোদ্ধা হিসেবে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম এনসিপিতে যোগ দিয়ে সংসদ নির্বাচনে এনসিপি'র হয়ে নির্বাচনে অংশ নিবেন।

তিনি এনসিপি’র পক্ষ থেকে তাঁদেরকে স্বাগত জানান।তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত হয়নি এবং এনসিপি তিনশ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং সংস্কারের স্বার্থে ভবিষ্যতে জোটের আলোচনা হতে পারে।