রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২৬, ০৮:২৭ পিএম

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক সভা, সমাবেশ বা নির্বাচনি প্রচারণার কাজে ব্যবহার না করার কঠোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) মাউশির সাধারণ প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

আদেশে স্পষ্ট জানানো হয়েছে, দেশের সকল সরকারি-বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয় এবং টিচার্স ট্রেনিং কলেজসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।

মাউশির অফিস আদেশে উল্লেখ করা হয় যে, ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া নির্দেশনার আলোকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু প্রার্থী বা তাদের সমর্থকরা সেমিনার, সংবর্ধনা কিংবা যুব সমাবেশের নামে ভোটারদের জড়ো করে প্রচারণার চেষ্টা করছেন।

 এসকল ক্ষেত্রে ভেন্যু হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ বা হলরুম ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।আদেশে বলা হয়, অনেক সময় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই স্থানীয়ভাবে এসকল রাজনৈতিক কর্মসূচির অনুমতি দিচ্ছেন, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।রিটার্নিং অফিসারের সুনির্দিষ্ট অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সভা বা সমাবেশ করা যাবে না।

কোনো প্রকার রাজনৈতিক কার্যক্রমের জন্য ভেন্যু হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যবহার করা নিষিদ্ধ।শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এই নিয়ম প্রতিপালনে ব্যক্তিগতভাবে দায়িত্বশীল থাকতে হবে।এই নির্দেশনার অনুলিপি ইতোমধ্যে দেশের সকল উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছে পাঠানো হয়েছে। মাউশি জানিয়েছে, নির্বাচনি আচরণবিধি বজায় রাখতে এবং শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখতে প্রশাসন এখন থেকে আরও কঠোর পর্যবেক্ষণ চালাবে।