আবু সালেহ মো. রায়হান
ডিসেম্বর ১২, ২০২৫, ১০:৪২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, "২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আজকে শরিফ ওসমান হাদির মাথায় যে বুলেট মারা হয়েছে, তা শুধু হাদির মাথায় নয়; বরং ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া অভ্যুত্থানের বুকে করা হয়েছে।"
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সারজিস আলম তাঁর বক্তব্যে অভিযোগ করেন, এই গুলি চালানো হয়েছে তাঁদের ভয় দেখানোর জন্য যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে।
তিনি বলেন, "আগামীর বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুখে দিতে এবং নির্বাচন কেন্দ্রিক পরিস্থিতি বানচাল করতে এটি একটি সুপরিকল্পিত এজেন্টদের খেলা। হাদিকে গুলির মাধ্যমে এই খেলা শুরু হলো।"তিনি আরও বলেন, গত এক বছরে দেশ পরিবর্তনে যুক্ত থাকা বিভিন্ন স্তরের কিছু ব্যক্তি ফ্যাসিস্ট শক্তিকে সুযোগ করে দিচ্ছে, যার ফলশ্রুতিতে এ ধরনের গুপ্ত হামলা বাড়ছে।এর আগে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে সংহতি জানিয়ে অংশ নেন সাধারণ শিক্ষার্থী, জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার নেতৃবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমির ইকবাল হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি প্রমুখ। বক্তারা অভিলম্বে হাদির ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।