শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

সবাই শান্ত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন: হাসনাত আবদুল্লাহ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৫, ০২:৪৩ এএম

সবাই শান্ত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন: হাসনাত আবদুল্লাহ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই বিপ্লবের সম্মুখযোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে দেশবাসীকে শান্ত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন।হাসনাত আবদুল্লাহ তাঁর পোস্টে উল্লেখ করেন যে, ধ্বংসাত্মক কোনো কাজের মাধ্যমে হাদির আদর্শকে ধারণ করা সম্ভব নয়।

হাদিকে বাঁচিয়ে রাখতে হবে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে, একটি শক্তিশালী কালচারাল ইস্ট্যাব্লিশমেন্ট গড়ে তুলে, আযাদির প্রশ্নে আপোষহীন থেকে এবং জনতার প্রশ্নে সৎ ও স্বচ্ছ থেকে।

কোনো কিছু ধ্বংস করে হাদী ভাইকে ধারণ করা যাবে না।সারাদেশে হাদির মৃত্যুর খবরে যখন শিক্ষার্থীরা রাজপথে বিক্ষোভ করছেন এবং বিভিন্ন জায়গায় ভাঙচুরের খবর পাওয়া যাচ্ছে, তখন হাসনাত আবদুল্লাহ সকলকে সংযমী হওয়ার পরামর্শ দিয়ে বলেন, “আমাদের পথ ধ্বংসের নয়, পুনর্গঠনের। সবাই শান্ত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন।হাসনাত আবদুল্লাহর মতে, হাদির মৃত্যু কেবল একটি শোকের ঘটনা নয়, বরং এটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের নতুন চালিকাশক্তি।

তবে এই লড়াই হতে হবে সুশৃঙ্খল এবং গঠনমূলক। তিনি বিপ্লবীদের প্রতি আহ্বান জানান যেন কোনো হঠকারী সিদ্ধান্তে আন্দোলনের মূল লক্ষ্য ব্যাহত না হয়।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত শরিফ ওসমান হাদি আজ বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হয় এবং কারওয়ান বাজারে দুটি সংবাদপত্রের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতেই হাসনাত আবদুল্লাহর এই শান্ত থাকার আহ্বান বিশেষ তাৎপর্য বহন করছে।