অক্টোবর ৯, ২০২৬, ০৪:৫৬ পিএম
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার খেলতে গিয়ে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্রিসবেনে অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত সবকটি উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৪৬ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হলেও উদ্বোধনী জুটি বড় করতে পারেনি অস্ট্রেলিয়া। জর্জিয়া ভোল ১৮ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন। তবে দ্বিতীয় উইকেটে ৯০ রানের বড় জুটি গড়ে জয়ের ভিত শক্ত করে স্বাগতিকরা। দ্রুত ফিফটি পূর্ণ করার পর ৫৭ বলে ৭৭ রানের চমৎকার একটি ইনিংস খেলেন ওপেনার ফোবে ফিচফিল্ড।
এরপর আরও একটি উইকেট হারায় অস্ট্রেলিয়া। বেথ মুনি ১২ বলে ১৩ রান করে আউট হন। তবে দলকে জয়ের লক্ষ্য পর্যন্ত পৌঁছে দিতে কোনো বেগ পেতে হয়নি। এলিস পেরি ২৬ রানে এবং অ্যানাবেল সাদারল্যান্ড ২৫ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। বাংলাদেশের পক্ষে হাবিবা ইসলাম দুটি এবং রাবেয়া খান একটি উইকেট লাভ করেন।
এর আগে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ান অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা। ইনিংসের প্রথম বলেই সাজঘরের পথ ধরেন ওপেনার ফারজানা হক। আরেক ওপেনার শারমিন সুলতানা আউট হওয়ার আগে করেন মাত্র ৪ রান। শারমিন আক্তারের ব্যাট থেকে আসে ২৪ রান।
দ্রুত তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া দলকে উদ্ধারের চেষ্টা চালান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে তাকে দীর্ঘক্ষণ সঙ্গ দিতে ব্যর্থ হন শবানা মোস্তারি। তিনি ১৭ বলে ২ রান করে আউট হন। এরপর স্বর্ণার সঙ্গে জুটি গড়ে কিছুক্ষণ রানের চাকা সচল রাখেন জ্যোতি। নিগার সুলতানা জ্যোতির ব্যক্তিগত ইনিংস থামে ২৯ রানে এবং স্বর্ণা আউট হওয়ার আগে করেন ২১ রান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের লড়াকু ইনিংস খেলেন রিতুমনি। এছাড়া রাবেয়া খান ১১, নাহিদা আক্তার ১৯ এবং হাবিবা ইসলাম ১ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অ্যানাবেল সাদারল্যান্ড, যিনি সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন। এছাড়া মেগান স্কুট দুটি এবং বাকি তিনজন বোলার একটি করে উইকেট দখল করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন