ডিসেম্বর ২২, ২০২৫, ১২:৪৪ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-১০ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ধানমন্ডি থানা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তিনি এই ফরম সংগ্রহ করেন।
গত ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামলেন তিনি।
ঢাকা-১০ নির্বাচনী এলাকাটি ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। এই আসনে ইতোমধ্যে হেভিওয়েট প্রার্থীরা মাঠে নেমেছেন।
বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এবং জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার। তবে জুলাই আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী প্ল্যাটফর্মের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন পর্যন্ত এই আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি।
আসিফ মাহমুদ কোন দল থেকে নির্বাচন করবেন তা নিয়ে গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ছিল। কেউ ধারণা করেছিলেন তিনি এনসিপিতে যোগ দেবেন, আবার কেউ ভেবেছিলেন তিনি গণঅধিকার পরিষদের ব্যানারে নির্বাচন করবেন। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ১২ ডিসেম্বর আসিফ মাহমুদ নিজেই জানিয়েছিলেন, তিনি কোনো দলের হয়ে নয় বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবেই ঢাকা-১০ আসন থেকে লড়বেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর আসিফ মাহমুদ সাংবাদিকদের জানান, জুলাই অভ্যুত্থানের চেতনা এবং জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করেই তিনি নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন