ডিসেম্বর ২৫, ২০২৫, ০২:২৪ পিএম
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রিয় মাতৃভূমিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আবেগঘন মুহূর্ত ও ফেসবুক পোস্ট: দুপুর ১টা ৫০ মিনিটের দিকে দেওয়া এক পোস্টে তারেক রহমান লিখেছেন— ‘সবার প্রতি কৃতজ্ঞতা।’ এর আগে বিমানবন্দর থেকে বের হওয়ার পর তিনি এক অনন্য নজির স্থাপন করেন।
গাড়ি থেকে নেমে তিনি জুতো খুলে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন এবং এক মুঠো মাটি হাতে তুলে নেন। সেই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করে তিনি ফেসবুকে লেখেন— ‘খালি পায়ে দেশের মাটিতে।
১৭ বছরের প্রতীক্ষার পর এমন দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন সেখানে উপস্থিত লাখো নেতাকর্মী।প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ: বিমানবন্দরে নামার পর তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেন। ফোনালাপে তিনি নিজের ও পরিবারের পক্ষ থেকে চমৎকার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টার শারীরিক অবস্থার খোঁজও নেন।
সপরিবারে (স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ও পোষা বিড়াল জেবু) দেশে ফেরার পর তারেক রহমান এখন লাল-সবুজ রঙের একটি বিশেষ বাসে চড়ে ৩০০ ফিট (৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে) সংবর্ধনাস্থলের দিকে অগ্রসর হচ্ছেন। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা লাখ লাখ মানুষ তাকে জাতীয় পতাকা নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। জনস্রোতের কারণে তার গাড়িবহর অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে।এভারকেয়ার হাসপাতালে বিজিবি মোতায়েন: সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান সরাসরি যাবেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।
সেখানে তিনি তার গুরুতর অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ ১৭ বছর পর সাক্ষাৎ করবেন। তার এই সফরকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালের সামনের সড়ক ফাঁকা করে দেওয়া হয়েছে।তারেক রহমানের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে বরণ করতে সারা দেশে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন