ডিসেম্বর ২৯, ২০২৫, ১২:১৯ এএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরে অস্থিরতার প্রেক্ষাপটে মুখ খুলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীনের পদত্যাগকে তিনি ‘ব্যক্তিগত বিষয়’ হিসেবে অভিহিত করেছেন।
পদত্যাগ ও নাহিদের প্রতিক্রিয়া রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন।
সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই জামায়াতসহ সমমনা দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর কে দলে থাকবেন বা থাকবেন না, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তিনি আশা প্রকাশ করেন যে, দলের বৃহত্তর স্বার্থে সংশ্লিষ্ট সবাই এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন।
জোট গঠনের কারণ ও হাদি হত্যা: নাহিদ ইসলাম দাবি করেন, এনসিপি এককভাবে ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেছে। তিনি বলেন:হাদি হত্যার ঘটনা প্রমাণ করে আধিপত্যবাদী শক্তি এখনো জুলাই প্রজন্মকে নিঃশেষ করার চক্রান্ত করছে।গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশকে রক্ষা করতে জামায়াতে ইসলামীসহ আট দলের জোটের সঙ্গে একাত্মতা প্রকাশ করা হয়েছে।
জামায়াতে ইসলামীর ঐতিহাসিক দায়ভার এনসিপি নেবে কি না—এমন প্রশ্নের জবাবে নাহিদ স্পষ্ট করেন যে, এটি কোনো আদর্শিক ঐক্য নয়, বরং কেবল ‘নির্বাচনী সমঝোতা’। এই জোটের মূল লক্ষ্য হলো আধিপত্যবাদ, দুর্নীতি এবং বিচার ইস্যুতে যৌথভাবে কাজ করা।নাহিদ ইসলাম আরও জানান, সোমবার (২৯ ডিসেম্বর) এনসিপি তাদের চূড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করবে এবং আগামীকালই মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেনও উপস্থিত ছিলেন। তিনি আইন-শৃঙ্ক্ষলা পরিস্থিতির সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের আমলের পুলিশ নিরপরাধদের হয়রানি করতে পটু হলেও বর্তমানে চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হচ্ছে।এনসিপির এই অভ্যন্তরীণ ভাঙন এবং জোটের রাজনীতি আসন্ন নির্বাচনে দলটির জনপ্রিয়তায় কেমন প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন