ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:৩৪ এএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগের হিড়িক পড়েছে। এবার দলটির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছেন মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি এবং এনসিপির কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী আজাদ খান ভাসানী।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এনসিপি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন। জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠনের খবরের পরপরই তিনি এই কঠোর সিদ্ধান্ত নিলেন।
আজাদ খান ভাসানী তাঁর পোস্টে উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং মওলানা ভাসানীর আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী রাজনীতির স্বপ্ন নিয়ে তিনি এনসিপিতে যুক্ত হয়েছিলেন।
কিন্তু বাস্তব অভিজ্ঞতা তাঁকে হতাশ করেছে। তিনি লেখেন: নতুন বাংলাদেশ বিনির্মাণের ঐতিহাসিক দায়বদ্ধতা ও ত্যাগের যে গভীরতা প্রয়োজন, এনসিপিতে তার স্পষ্ট ঘাটতি অনুভব করেছি।স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার ক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য দেখা যায়নি।তিনি আরও স্পষ্ট করেন যে, বর্তমান প্রেক্ষাপটে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক দায়বদ্ধতা এবং মওলানা ভাসানীর রাজনৈতিক আদর্শই তাঁর কাছে প্রধান। সেই আদর্শে অবিচল থাকতেই তিনি এনসিপি থেকে নিজেকে সরিয়ে নিলেন।
উল্লেখ্য, জামায়াতের সঙ্গে জোটের পর এনসিপি থেকে একে একে পদত্যাগ করেছেন ডা. তাসনিম জারা, তাজনূভা জাবীন, মনিরা শারমিন এবং নুসরাত তাবাসসুমের মতো আলোচিত নারী নেত্রীরা। আজাদ খান ভাসানীর এই পদত্যাগ দলটিকে আরও বড় ধরনের ইমেজ সংকটে ফেলল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।বিদায়বেলায় এই নেতা তারুণ্যের অভিযাত্রী দলটির প্রতি শুভকামনা জানিয়েছেন যেন তারা ভবিষ্যতে গণমানুষের রাষ্ট্র বিনির্মাণে সঠিক পথ খুঁজে পায়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন